tanaka
প্রচ্ছদরাজধানীঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেই দায় সেরেছে রাজউক

ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেই দায় সেরেছে রাজউক

রাজধানীর সিদ্দিকবাজার ও সায়েন্স ল্যাব এলাকায় ২০২৩ সালে দুটি ভবন ধসে পড়ার পর নগর উন্নয়ন কমিটির বৈঠকে ঝুঁকিপূর্ণ ২২৯টি ভবনের তালিকা নিয়ে আলোচনা হয়। বিশ্বব্যাংকের সহায়তায় রাজউক ‘আরবান রেজিলিয়েন্স’ প্রকল্পের আওতায় এসব ঝুঁকিপূর্ণ ও অতিঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করে।

তালিকা অনুযায়ী, ৪২টি ভবন ভেঙে ফেলা এবং ১৮৭টি রেট্রোফিটিংয়ের মাধ্যমে সংস্কার করার সিদ্ধান্ত হয়। রাজউকের জরিপে দেখা যায়, ঢাকায় সরকারিভাবে নির্মিত ৩৭ শতাংশ নতুন ভবনই ঝুঁকিপূর্ণ। অতিঝুঁকিপূর্ণ ৪২টি ভবন সাত দিনের মধ্যে খালি করার নোটিশ দেওয়া হলেও আড়াই বছরেও কোনো পদক্ষেপ বাস্তবায়ন হয়নি। ভবনগুলো এখনো সচল রয়েছে।

রাজউক কর্মকর্তারা জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বহুবার চিঠি দেওয়া হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের দুটি ভবন, হাজারীবাগের সালেহা উচ্চ বিদ্যালয়ের আটতলা ভবন এবং আশুলিয়ার দোসাইদ এ কে স্কুল অ্যান্ড কলেজের ভবনও ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত। সরকারি সংস্থাগুলোর ভাষ্য, নির্মাণ ত্রুটি ও বিল্ডিং কোড অমান্য করার কারণেই এসব ঝুঁকি সৃষ্টি হয়েছে—যদিও ভবনগুলো নির্মিত হয়েছে সরকারি উদ্যোগে।

রাজউকের নির্বাহী প্রকৌশলী খন্দকার মো. ওয়াহিদ সাদিক জানান, মধুপুর ফাটলরেখায় ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার প্রায় ৮ লাখ ৬৪ হাজার ভবন ধসে পড়তে পারে—যা মোট ভবনের ৪০ শতাংশের বেশি। এতে আর্থিক ক্ষতি হতে পারে আড়াই হাজার কোটি ডলার, আর পুনর্নির্মাণ ব্যয় দাঁড়াবে ৪ হাজার ৩৭০ কোটি ডলার।

‘আরবান রেজিলিয়েন্স’ প্রকল্পের আওতায় ৫৬৮ কোটি টাকা ব্যয়ে ২,৭০৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, ২০৭টি হাসপাতাল, ৩৬টি থানা এবং ৩০৪টি অন্যান্য ভবন জরিপ করা হয়। এতে ১৮৭টি ভবন রেট্রোফিট করা ও ৪২টি ভেঙে ফেলার সুপারিশ করা হয়। ভাঙার তালিকায় রয়েছে পিজি হাসপাতালের তিনটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনটি, মাদ্রাসা বোর্ডের তিনটি এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মিত ৩০টি ভবন।

রেট্রোফিটিংয়ের তালিকায় রয়েছে ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির তিনটি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চারটি, মাদ্রাসা বোর্ডের ছয়টি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১০টি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০টি এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৫৪টি ভবন।

ঝুঁকিপূর্ণ ২২৯টি ভবনের মধ্যে ২০০০–২০১৮ সালে নির্মিত ভবনই সবচেয়ে বেশি—৮৫টি। এর মধ্যে ২০১৭ সালের ভবন আটটি এবং ২০১০ সালের পর নির্মিত ভবন ৪৯টি।

বনানী বিদ্যানিকেতনের সহকারী প্রধান শিক্ষক এনামুল হক জানান, রাজউক ভবন দুটি ঝুঁকিপূর্ণ বললেও কোন দুটি তা জানায়নি। পরে বুয়েট পরীক্ষা করেও একই মত দেয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারটি অতিঝুঁকিপূর্ণ ভবনে ফাটল, ছাদের পলেস্তারা খসে রড বেরিয়ে থাকা এবং বিভিন্ন ত্রুটি দেখা গেছে। ২৯ এপ্রিল অবকাশ ভবনের কার্নিশ ভেঙে পড়ে এক কর্মকর্তা আহত হন।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর জানায়, রাজউকের প্রতিবেদন চেয়ে বহুবার চিঠি দিলেও তা পাওয়া যায়নি। বুয়েট জানায়, চারটি ভবন পরীক্ষা করতে খরচ হবে ৪৫ লাখ টাকা, যা ইউজিসিও বরাদ্দ দেয়নি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকতার মাহমুদ বলেন, পরিকল্পনা, উন্নয়ন ও নিয়ন্ত্রণ—এই তিন মূল দায়িত্বে রাজউক ব্যর্থ হয়েছে। ভবন মালিক ও প্রকৌশলীরাও দায় এড়াতে পারেন না।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ড. আদিল মুহাম্মদ খান বলেন, ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার আইনি ক্ষমতা থাকলেও সংশ্লিষ্ট সংস্থাগুলো তালিকা তৈরি ছাড়া বাস্তব পদক্ষেপ নেয় না। দুর্ঘটনা ঘটলে দায় পড়ে রাষ্ট্রের ওপরই।

রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল লতিফ হেলালী জানান, ঢাকার ভবনগুলোতে ন্যূনতম মান বজায় রাখা হচ্ছে না। ৭ মাত্রার ভূমিকম্প হলে ২–৩ লাখ মানুষের মৃত্যু এবং ২৫ মিলিয়ন ডলার ক্ষতি হতে পারে। রেট্রোফিটিংযোগ্য ভবনগুলোর জন্য প্রয়োজন ৬২ মিলিয়ন ডলার।

এদিকে ভূমিকম্প আতঙ্কে রাজধানীবাসীর মধ্যে অনেকে শহর ছাড়ার কথা ভাবছেন। মিরপুরের বাসিন্দা সাদেকুর রহমান কামাল বলেন, ‘ভূমিকম্পের পর মানসিকভাবে ভেঙে পড়েছি। ঢাকায় থাকা না থাকার বিষয়টি নতুন করে ভাবছি।’ মিটফোর্ডের বাসিন্দা ফয়েজ আহমেদ খান বলেন, ‘এখানকার ভবনগুলো পুরোনো ও ঘনবসতিপূর্ণ। বড় ভূমিকম্প হলে কী হবে, আল্লাহই জানেন। দ্রুত গ্রামের বাড়ি যাওয়ার চিন্তা করছি।’