বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি। বুধবার (১৯ আগস্ট) দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন। এ সময় বাংলাদেশকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে উল্লেখ করেন কাতারের প্রধানমন্ত্রী।
বৈঠকে ড. খলিলুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কাতারের নেতৃত্বের প্রতি শুভেচ্ছা পৌঁছে দেন। পাশাপাশি কাতারের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ এবং পশ্চিম এশিয়ায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দেশটির গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন তিনি।
দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনার সময় কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে অভিহিত করেন। বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার নিশ্চয়তাও দেন তিনি।
তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জ্বালানি সহযোগিতার বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য উল্লেখ করা হয়নি। সেখানে বলা হয়েছে, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতামূলক সম্পর্ক, অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়েও মতবিনিময় করেন তারা।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এ ছাড়া জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান শেখ মোহাম্মদ। দায়িত্ব পালনে তাকে কাতারের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
পরে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
কাতারে বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, দুই দিনের সফরের প্রথম দিন মঙ্গলবার কাতারের অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুওয়ারীর সঙ্গে বৈঠক করেন ড. খলিলুর রহমান। সেখানে বিনিয়োগ, ব্যাংকিংসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
পরে কাতারএনার্জির সদরদপ্তরে দেশটির জ্বালানিবিষয়ক মন্ত্রী সাদ শেরিদা আল-কাবিরের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের জ্বালানি সহযোগিতা, বিশেষ করে এলএনজি সরবরাহের ক্ষেত্রে বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।



