পঞ্চগড় প্রতিনিধি
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, জুলাই সনদ প্রতিটি পৃষ্ঠা ও অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, “আমাদের দল এবং তারেক রহমানের সরকার জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করবে।”
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দেশের সব রাজনৈতিক দল ও মতের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, যাতে বিগত দিনের ফ্যাসিবাদী শক্তি কোনো সুযোগ নিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। বাংলাদেশ যে নতুন স্বাধীনতা অর্জন করেছে, তা অক্ষুণ্ন রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, পঞ্চগড়ের পাঁচ কৃতি সন্তান জুলাই আন্দোলনে রাজপথে প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এর আগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবার এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসনের আয়োজনে সরকারি অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বক্তব্য দেন।
জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ অন্যান্য অতিথিরা।



