জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আজ সোমবার (১ সেপ্টেম্বর) দশম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হবে।
ইতিমধ্যে এ মামলায় ২৯ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড হয়েছে। সর্বশেষ নবম দিনে (২৬ আগস্ট) পাঁচজন চিকিৎসক, ব্যবসায়ী ও শহীদ পরিবারের সদস্য সাক্ষ্য দেন। তাদের জেরা করেন হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। প্রসিকিউশনের পক্ষে ছিলেন মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিম ও আবদুস সাত্তার পালোয়ান।
এর আগে অষ্টম (২৫ আগস্ট), সপ্তম (২৪ আগস্ট), ষষ্ঠ (২০ আগস্ট), পঞ্চম (১৮ আগস্ট), চতুর্থ (১৭ আগস্ট), তৃতীয় (৬ আগস্ট), দ্বিতীয় (৪ আগস্ট) ও প্রথম দিনে (৩ আগস্ট) মোট ২৪ জন সাক্ষী জবানবন্দি দেন। এদের মধ্যে ছিলেন চিকিৎসক, প্রত্যক্ষদর্শী, আহত আন্দোলনকারী, সাংবাদিক ও শহীদ পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, মামলার অপর আসামি সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। তার উপস্থিতিতেই অন্য সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করা হচ্ছে।
গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। প্রসিকিউশন পক্ষ মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে, যার বিস্তারিত ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ৮১ জন সাক্ষীর নাম রয়েছে।



