জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে চাঁদপুর জেলার কিছু এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা এই গ্যাস বিচ্ছিন্নতা থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লার লাকসাম উপজেলার মোদাফ্ফরগঞ্জ বিজরা এলাকায় একটি গ্যাস সরবরাহ প্লান্টে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। ফলে ওই সময় চাঁদপুর শহর, হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলব দক্ষিণ উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে।
এ বিষয়ে গ্রাহকদের আগাম সতর্ক করতে স্থানীয় বিতরণ অফিসগুলো থেকে মাইকিং করা হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিজিডিসিএল।



