বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত এক আলোচনায় ভারতের সাবেক কূটনীতিক ও বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন।
ভারতের সাবেক শীর্ষ আমলা ও প্রসার ভারতীর সাবেক সিইও জহর সরকার বলেন, “বাংলাদেশের ভোটাররা যাকেই বেছে নেবেন, সেটি মেনে নিতে হবে। বর্তমান পরিস্থিতি বুঝে প্ররোচনায় পা না দিয়ে ভারতের উচিত ফলাফলের জন্য অপেক্ষা করা।”
ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সতর্ক করে বলেন, ভুল সরকার ক্ষমতায় এলে ভারতের নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি স্বার্থ হুমকির মুখে পড়বে। সীমান্তবর্তী প্রতিবেশীর অভ্যন্তরীণ বিষয়ে ভারত পুরোপুরি নিরপেক্ষ থাকতে পারে না বলেও তিনি উল্লেখ করেন।
গবেষক শ্রীরাধা দত্ত বলেন, বাংলাদেশের নতুন বাস্তবতাকে এখনই মেনে নেওয়া ভারতের উচিত। অতীতে ভারত বিতর্কিত নির্বাচনকে সমর্থন দেওয়ায় আজকের অবস্থান দুর্বল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া তিনি জামায়াতের ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাব ও তাদের ‘চার্ম অফেনসিভ’ নিয়ে সতর্ক করেন।
জামায়াত প্রসঙ্গে শ্রিংলা বলেন, “চিতাবাঘ যেমন ডোরা বদলায় না, জামায়াতও বদলাবে না। তারা মূলত মুসলিম ব্রাদারহুডের অংশ।”



