প্রায় দেড় বছর ধরে কার্যত অচল থাকার পর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও চার কমিশনার নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্টের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।
তিনি এর আগে অন্তর্বর্তী সরকারের গঠিত গুম–সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি এ নিয়োগ প্রদান করেছেন বলে বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
নিয়োগপ্রাপ্ত কমিশনারদের মধ্যে দুজন হলেন গুম–সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য মো. নূর খান ও নাবিলা ইদ্রিস। অপর দুই কমিশনার হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে গণ–অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের নভেম্বরে জাতীয় মানবাধিকার কমিশনের তৎকালীন চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করেন। এরপর দীর্ঘ সময় কমিশন পুনর্গঠন না হওয়ায় মানবাধিকারবিষয়ক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানটি কার্যত নিষ্ক্রিয় অবস্থায় ছিল। বিষয়টি নিয়ে সমালোচনা থাকলেও এতদিন নতুন কমিশন গঠন করা হয়নি। অন্তর্বর্তী সরকারের একেবারে শেষ পর্যায়ে এসে অবশেষে কমিশনের চেয়ারম্যান ও চার কমিশনার নিয়োগ দেওয়া হলো।



