উন্নয়ন প্রকল্পে বরাদ্দ করা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে যথাযথভাবে ব্যয় নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের আরও সতর্ক, দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নির্ধারিত লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের অধীনে বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব লক্ষ্য অর্জনে সরকার প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেবে। তবে বরাদ্দের অর্থ জনগণের, তাই এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।
তিনি বলেন, ‘আপনারা অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছেন, অনেকগুলো টার্গেট ঠিক করেছেন। সেই টার্গেটগুলো অর্জনের জন্য অবশ্যই সরকার থেকে বাজেট বরাদ্দ দেওয়া হবে। কিন্তু এটা জনগণের অর্থ। আমি আশা করব, জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে আপনারা সবাই মনোযোগ দেবেন।’
সরকারি দায়িত্বকে দেশের মানুষের সেবা করার বিশেষ সুযোগ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা তুলনামূলকভাবে সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। এই সুযোগ দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত।
তারেক রহমান বলেন, ‘আমরা যারা এখানে আছি, বাংলাদেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় আমরা সবাই সুবিধাপ্রাপ্ত। আল্লাহ তায়ালা আমাদের দেশের জন্য, মানুষের জন্য কাজ করার একটা সুযোগ দিয়েছেন।’
তিনি আরও বলেন, যার যতটুকু কাজ করার সুযোগ রয়েছে, তা আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করার চেষ্টা করতে হবে। দায়িত্ব পালনের সুযোগ সব সময় থাকে না। তাই যে যখন যে দায়িত্বে থাকবেন, সেই সময়টুকু দেশের ও মানুষের কল্যাণে যথাযথভাবে কাজে লাগানো জরুরি।
সভা শেষে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আসুন, আমরা সবাই চেষ্টা করি, যার হাতে যত দিন সুযোগ আছে, সেই সুযোগটা যেন মানুষ ও দেশের জন্য ঠিকভাবে কাজে লাগাতে পারি।’
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জানান, সভায় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত তুলে ধরতে উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।
মন্ত্রণালয়ের কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে ভবিষ্যতেও নিয়মিত আলোচনার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। পরবর্তী বৈঠকগুলোতে কর্মকর্তারা আরও খোলামেলাভাবে নিজেদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



