tanaka

ব্যবহারকারীর লেখার ধরন অনুসরণ করে লিখবে চ্যাটজিপিটি, পড়তে পারবে ই-মেইল ও বার্তাও

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে লেখালেখি এখন দৈনন্দিন কাজের অংশ হয়ে উঠেছে। তবে এআইয়ের তৈরি লেখায় অনেক সময় এমন শব্দচয়ন, বাক্যগঠন ও লেখার ভঙ্গি দেখা...
প্রচ্ছদজাতীয়জনগণের করের অর্থ জনকল্যাণে ব্যয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী

জনগণের করের অর্থ জনকল্যাণে ব্যয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জনগণের করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। সরকারি অর্থের স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহারের মাধ্যমে উন্নয়নের সুফল দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।

রোববার (১৯ জুলাই) মাগুরা জেলা অডিটোরিয়ামে সদর উপজেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, গ্রামীণ নারীদের মধ্যে সেলাই মেশিন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, অতীতে জনগণের কল্যাণে বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ দুর্নীতি ও অনিয়মের কারণে প্রকৃত উদ্দেশ্যে ব্যয় হতো না; অনেক প্রকল্পই কাগজে-কলমে সীমাবদ্ধ থাকত। বর্তমান সরকার সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনগণের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে এবং সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দিচ্ছে।

তিনি আরও বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে। অতীতে উন্নয়ন প্রকল্পের নামে আত্মসাৎ হওয়া অর্থের তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনগণের অর্থ জনকল্যাণে ফিরিয়ে আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

মো. আসাদুজ্জামান বলেন, সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ইমাম কার্ড কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব যোগ্য পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় এনে নারীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের জন্যও বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগে দুর্নীতি প্রতিরোধ, রাজনৈতিক সহিংসতা ও মিথ্যা মামলা বন্ধ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মাগুরা সদর আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদসহ অন্যান্য অতিথিরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার, সিভিল সার্জন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় মোট ১৮২ জন উপকারভোগীর মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ করা হয়।

এর আগে আইনমন্ত্রী মাগুরা জেলা আইনজীবী সমিতির আয়োজিত একটি অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।