tanaka
প্রচ্ছদসারাদেশছাত্রদল নেতার পেছনে কিশোর গ্যাং লিডার, ভাইরাল ছবিতে কুমিল্লায় সমালোচনা

ছাত্রদল নেতার পেছনে কিশোর গ্যাং লিডার, ভাইরাল ছবিতে কুমিল্লায় সমালোচনা

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিনের নেতৃত্বে একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং লিডার মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

ছবিতে দেখা যায়, একটি মিছিলের সামনে নেতৃত্ব দিচ্ছেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিন। তার ঠিক পেছনে রতন গ্যাংয়ের প্রধান হিসেবে পরিচিত মো. রতন কয়েকজন সহযোগীকে নিয়ে অবস্থান করছেন। ছবিটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে কিশোর গ্যাংয়ের সদস্যদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। তাদের ভাষ্য, রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে এসব গ্যাং সদস্যরা এলাকায় বিভিন্ন ধরনের উৎপাত ও তাণ্ডব চালানোর সাহস পাচ্ছে।

তাদের আরও অভিযোগ, রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে অনেক কিশোর গ্যাং নেতা ও সদস্যের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ব্যবস্থা নিতে পারছে না।

তবে বিষয়টি অস্বীকার করেছেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিন। তিনি বলেন, তিনি রতনকে চেনেন না। স্বেচ্ছাসেবক দলের একটি মিছিলে ওই ব্যক্তি কীভাবে তার পেছনে অবস্থান নিয়েছেন, সে বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। তার দাবি, ছাত্রদল কখনো কিশোর গ্যাং সংস্কৃতিকে সমর্থন করে না। ভবিষ্যতে দলীয় কর্মসূচিতে এ ধরনের বিষয় যাতে না ঘটে, সে জন্য আরও সতর্ক নজর রাখা হবে।

মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, দলীয় কর্মসূচিতে কিশোর গ্যাংয়ের উপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মহসিনের সঙ্গে রতনের ছবিটি তারা যাচাই করে দেখবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।