পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মঠবাড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দণ্ডপ্রাপ্ত চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিম মল্লিক, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল আহসান ওরফে ব্ল্যাক রুবেল, পাথরঘাটা উপজেলার মো. জসিম উদ্দিন এবং পশ্চিম মিঠাখালী এলাকার মনির হোসেন।
প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বীর নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় চারজনকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। রাজনৈতিক দল কিংবা সামাজিক পরিচয়—যে পরিচয়েরই হোক, মাদকের সঙ্গে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম চারজনকে গ্রেপ্তার ও সাজা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।



