চলতি বছরের অক্টোবরের প্রথম ছয় দিনে দেশে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৭ হাজার ৭৪৯ কোটি টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম ছয় দিনের মধ্যে গত মঙ্গলবার এক দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬৩৫ কোটি ৯০ লাখ টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের অক্টোবরের প্রথম ছয় দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৫৫ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ১০ শতাংশ।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯২২ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৮১৩ কোটি ৭০ লাখ ডলার।
অর্থাৎ, চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১০৮ কোটি ৪০ লাখ ডলার বা ১৩ দশমিক ৩০ শতাংশ। প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধিকে বৈদেশিক মুদ্রার বাজার ও দেশের সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।



