tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনচোট কাটিয়ে শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশমিকা

চোট কাটিয়ে শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশমিকা

হিপের চোটের কারণে প্রায় এক মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এতদিন বিশ্রামে থাকার পর এখন অনেকটাই সুস্থ তিনি।

আসন্ন সিনেমা ‘মাইসা’র শুটিং চলাকালে হিপে চোট পেয়েছিলেন রাশমিকা। এরপর চিকিৎসকের পরামর্শে সাময়িকভাবে কাজ থেকে বিরতি নেন এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজে ফেরার খবর জানিয়েছেন তিনি।

বিশ্রামের সময়টা অবশ্য একেবারে ঘরে বসে কাটাননি রাশমিকা। পরিবারের সঙ্গে সময় কাটানো, ধর্মীয় আচার পালন, পোষা কুকুরের সঙ্গে খেলাধুলা, ধাঁধা সমাধান এবং বাগানে সময় কাটানোর নানা মুহূর্তের ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন তিনি।

এই অনাকাঙ্ক্ষিত বিরতিটা উপভোগও করেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। নিজের ছবি ও ভিডিও শেয়ার করে রাশমিকা লেখেন, তিনি খুব শিগগিরই কাজে ফিরছেন। তবে বিশ্রামের এই সময়গুলোও তিনি মিস করবেন বলে জানান।

চোট পাওয়ার আগে বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন রাশমিকা। এর মধ্যে অন্যতম ‘মাইসা’। গন্ড উপজাতির জীবন ও প্রেক্ষাপটকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিকে আবেগঘন অ্যাকশন থ্রিলার হিসেবে তৈরি করা হচ্ছে।

‘মাইসা’তে রাশমিকাকে দেখা যাবে এক সাহসী উপজাতীয় নারীর চরিত্রে। আগের সিনেমাগুলোর তুলনায় এই চরিত্রটি বেশ ভিন্ন হওয়ায় ছবিটি নিয়ে দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। সুস্থ হয়ে শুটিংয়ে ফেরার পর নতুন এই চরিত্রে রাশমিকাকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।