ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাই দাবি করেছেন, ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজের বরাতে তিনি জানান, ট্রাম্প এ সিদ্ধান্ত প্রকাশ্যে ঘোষণা করতে চাননি।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি চূড়ান্ত শান্তি চুক্তির খসড়ায় পৌঁছেছে, যা বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে।
ইরানের মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত ১৪ দফা শান্তি চুক্তির খসড়ায় ৬০ দিনের আলোচনাকালীন সময়ে ইরানের জব্দ করা সম্পদ ধাপে ধাপে ছাড়ের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এমনকি আলোচনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর আগেই কিছু অর্থ ছাড়ের প্রস্তাবও রাখা হয়েছে।
তবে এ বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, কোনো চুক্তির আগাম শর্ত হিসেবে ইরানকে অর্থ ছাড় দেওয়া হবে না।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির নির্ধারিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ইরানের কোনো জব্দ করা সম্পদ মুক্ত করা হবে না।
ফলে সম্ভাব্য শান্তি চুক্তি এবং ইরানের সম্পদ ছাড়ের প্রশ্নে ওয়াশিংটন ও তেহরানের বক্তব্যে এখনো স্পষ্ট মতপার্থক্য বিদ্যমান রয়েছে।



