যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘মহান নেতা’ বলে প্রশংসা করেছেন। দুই নেতার বৈঠকে বাণিজ্য, বিরল খনিজ রপ্তানি, জ্বালানি ও বৈদেশিক নীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দ্বিপক্ষীয় বৈঠকে মুখোমুখি আলোচনার সময় ট্রাম্প এ মন্তব্য করেন।
বৈঠকের শুরুতে চীনের পক্ষ থেকে দেওয়া উষ্ণ অভ্যর্থনার জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, এমন সম্মান খুব কম মানুষই পেয়ে থাকে। বিশেষ করে শিশুদের অংশগ্রহণ তাকে মুগ্ধ করেছে বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্পের ভাষায়, সামরিক আয়োজনের পাশাপাশি শিশুদের উপস্থিতি ছিল অসাধারণ এবং তা অনেক কিছুর প্রতীক।
এ সময় শি জিনপিংকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, “আপনি একজন মহান নেতা। আমি সত্য কথাই বলি, মানুষ পছন্দ করুক বা না করুক।”
বৈঠকে সম্ভাব্য বাণিজ্য চুক্তির বিষয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, বিশ্বের শীর্ষ ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল তার সঙ্গে চীন সফরে এসেছে। ট্রাম্প বলেন, তারা চীনকে সম্মান জানাতে এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী।
বুধবার (১৩ মে) শুরু হওয়া ট্রাম্পের এই সফর চলবে শুক্রবার (১৫ মে) পর্যন্ত। এটি তার দ্বিতীয় চীন সফর এবং ২০১৭ সালের পর কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম রাষ্ট্রীয় সফর। মূলত এপ্রিল মাসে সফরের পরিকল্পনা থাকলেও ইরান পরিস্থিতির কারণে তা পিছিয়ে দেওয়া হয়।
এর আগে গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বুসানে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকে দুই দেশ চলমান শুল্কযুদ্ধ সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হয়েছিল।
এবারের আলোচনায় যুক্তরাষ্ট্র বিশেষভাবে চীনের বিরল খনিজ রপ্তানির ওপর আরোপিত নিয়ন্ত্রণ শিথিলের মেয়াদ বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। পাশাপাশি বিমান, কৃষি, জ্বালানি খাতের সম্ভাব্য চুক্তি এবং ইরান ইস্যুসহ বিভিন্ন বৈদেশিক নীতিগত বিষয়ও আলোচনায় রয়েছে।



