যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক কর্মী ও ভাষ্যকার চার্লি কার্কের (৩১) হত্যাকাণ্ডে গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “একটি গণতান্ত্রিক সমাজে শুধুমাত্র মতাদর্শ বা রাজনৈতিক সক্রিয়তার কারণে কাউকে সহিংসতার শিকার হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যক্তির ধর্ম, বিশ্বাস বা মতাদর্শ যা-ই হোক, কারো জীবন এভাবে নির্মমভাবে শেষ হওয়া উচিত নয়।”
তারেক রহমান আরও বলেন, “চার্লি কার্কের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আমি এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাই এবং নিহতের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা ও প্রার্থনা জানাচ্ছি।”
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন চার্লি কার্ক। তিনি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং ইসরায়েলের প্রতি কট্টর সমর্থনের জন্যও আলোচিত ছিলেন।



