tanaka
প্রচ্ছদসারাদেশচান্দিনায় ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

চান্দিনায় ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লার চান্দিনায় ঘরে ঢুকে বীনা রানী রায় (৫৮) নামে এক গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট দক্ষিণপাড়া শীলবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বীনা রানী ওই গ্রামের দিলীপ কুমার রায়ের স্ত্রী।

নিহতের ছেলে তাপস রায় জানান, পরিবারের সবাই বিভিন্ন স্থানে চাকরি করেন। বাড়িতে তার বাবা-মা থাকতেন। প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় পূজা-অর্চনা শেষে তার মা ঘরে টেলিভিশন দেখছিলেন। এ সময় তার বাবা পাশের একটি দোকানে চা পান করতে যান। তখন কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে তার মায়ের মাথায় এলোপাতাড়ি আঘাত করে।

তিনি আরও জানান, পাশের ঘরে থাকা এক জ্যাঠা তার মায়ের চিৎকার শুনে বাড়ির লোকজনকে নিয়ে সেখানে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বীনা রানীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম জানান, স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। প্রতিবেশীদের সঙ্গে নিহতের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল বলেও জানান তিনি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।