স্পেসএক্সের একটি ফ্যালকন-৯ রকেটের আপার স্টেজ (উপরের ধাপ) চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়েছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। তাদের মতে, এটি চাঁদের পৃথিবীমুখী আলোকিত অংশে অবস্থিত আইনস্টাইন ক্রেটারের কাছাকাছি এলাকায় আঘাত হেনেছে। এ তথ্য জানিয়েছে বিবিসি।
গত বছর উৎক্ষেপণ করা ফ্যালকন-৯ রকেটের প্রায় ৪ হাজার কেজি ওজনের আপার স্টেজটি পরিকল্পনা অনুযায়ী মূল মিশন শেষে মহাকাশে বিচ্ছিন্ন করা হয়েছিল। তবে পরে এটি নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের অভিমুখে ধাবিত হয় এবং শেষ পর্যন্ত চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি বিশেষ টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা। তবে সংঘর্ষস্থল থেকে তাৎক্ষণিক ছবি পাওয়া না যাওয়ায় এ দৃশ্য সরাসরি সম্প্রচার সম্ভব হয়নি।
নাসার মুখপাত্র জিমি রাসেল জানিয়েছেন, এ ঘটনায় পৃথিবীর জন্য কোনো ধরনের ঝুঁকি নেই। বরং এই সংঘর্ষের মাধ্যমে চাঁদের ভূ-প্রকৃতি সম্পর্কে নতুন তথ্য সংগ্রহ এবং মহাকাশে বিচরণরত বস্তুর গতিপথ নির্ণয়ের প্রযুক্তি উন্নয়নে সহায়ক তথ্য পাওয়া যেতে পারে।
এদিকে জ্যোতির্বিজ্ঞানী ম্যাট বোথওয়েল মহাকাশে ক্রমবর্ধমান স্পেস ডেব্রিস বা মহাকাশ বর্জ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, ভবিষ্যতে পৃথিবীর কক্ষপথে বর্জ্যের পরিমাণ এতটাই বেড়ে যেতে পারে যে আগামী কয়েক দশকের মধ্যে নিরাপদে মহাকাশযান উৎক্ষেপণ করা আরও কঠিন হয়ে পড়বে।
সূত্র: বিবিসি



