tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিচলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, চলতি বছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ভারতের তুলনায় বেশি হতে পারে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ১৪ এপ্রিল প্রকাশিত আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৯১১ মার্কিন ডলার। একই সময়ে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৮১২ ডলার।

মাথাপিছু জিডিপি একটি দেশের ব্যক্তি প্রতি অর্থনৈতিক উৎপাদনের গুরুত্বপূর্ণ সূচক, যা মোট জিডিপিকে জনসংখ্যা দিয়ে ভাগ করে নির্ধারণ করা হয়।

আইএমএফের তথ্য অনুযায়ী, উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতিগুলোর গড় মাথাপিছু জিডিপি প্রায় ৭ হাজার ৫০০ ডলার, যেখানে বৈশ্বিক গড় প্রায় ১৫ হাজার ৬০০ ডলার।

এর আগে ২০২৫ সালে ভারতের মাথাপিছু জিডিপি ছিল ২ হাজার ৬৭৫ ডলার, আর বাংলাদেশের ছিল প্রায় ২ হাজার ৬৩৫ ডলারের কিছু বেশি। তবে ২০২৩ ও ২০২৪ সালেও এই সূচকে বাংলাদেশ এগিয়ে ছিল।

আইএমএফের পূর্বাভাস বলছে, ২০২৭ সালে ভারতের মাথাপিছু জিডিপি বেড়ে ৩ হাজার ৭৪ ডলারে পৌঁছাতে পারে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে তা ৩ হাজার ৪৮ ডলারের বেশি হতে পারে। তবে দীর্ঘমেয়াদে, অন্তত ২০৩১ সাল পর্যন্ত এই সূচকে ভারত এগিয়ে থাকতে পারে।

সামগ্রিক অর্থনীতির আকারে অবশ্য ভারত অনেক এগিয়ে। ২০২৬ সালে দেশটির মোট জিডিপি প্রায় ৪.১ ট্রিলিয়ন ডলার হতে পারে, যেখানে বাংলাদেশের জিডিপি দাঁড়াতে পারে প্রায় ৫১০ বিলিয়ন ডলার।

আইএমএফ বছরে দুইবার ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রকাশ করে, যেখানে বৈশ্বিক অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ প্রবণতা তুলে ধরা হয়।

তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে। এর প্রভাবে ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩.১ শতাংশ এবং ২০২৭ সালে ৩.২ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।