tanaka
প্রচ্ছদজাতীয়সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

জাতীয় সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যাচাইয়ে ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ কমিটি গঠন করেন এবং তাদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মো. মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ এপ্রিল ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের নজরে আসার পর অভিযোগের সত্যতা যাচাইয়ে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে এ.বি.এম আশরাফ উদ্দিনকে (নিজান)। অন্যান্য সদস্যরা হলেন—লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম, হুমাম কাদের চৌধুরী ও মো. আবুল হাসনাত।

কমিটিকে গঠনের পর থেকে পরবর্তী ৭ দিনের মধ্যে সরেজমিনে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।