tanaka
প্রচ্ছদজাতীয়চট্টগ্রামে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

চট্টগ্রামে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় নিজ বাড়িতে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) রাতে পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল।

তিনি বলেন, আনোয়ারা থানার চেনামতি এলাকায় সংঘটিত আলোচিত মা-মেয়ে হত্যা মামলার আসামি রিমন বড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন, স্থানীয় বাসিন্দা সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। ঘটনায় গুরুতর আহত হয় দম্পতির পাঁচ বছর বয়সী ছেলে পিয়াস বড়ুয়া। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখা যায়, ঘরের দরজার সামনে এনি বড়ুয়া ও তার ছেলে পিয়াস রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ঘরের ভেতরে পাওয়া যায় প্রিয়ন্তী বড়ুয়ার রক্তাক্ত দেহ।