চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় পুলিশ স্থানীয়দেরকে নতুন ভাড়াটিয়াদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য থাকলে বাসা বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার নির্দেশ দিয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, লুঙ্গি ও জার্সি পরা এক যুবক একটি সিএনজি অটোরিকশায় মাইকিং করছেন। তিনি ঘোষণা দেন, “কর্ণফুলী থানার এলাকায় নতুন ভাড়াটিয়া আসলে তার ভোটার আইডি কার্ডসহ অন্যান্য ডকুমেন্টস থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধ ঘোষিত দলের সদস্যকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধ দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে বাড়ির মালিককেও সহযোগী হিসেবে গ্রেফতার করা হবে।”
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, এই নির্দেশনা সরকারের ঘোষিত সব নিষিদ্ধ সংগঠনের প্রেক্ষিতে দেওয়া হয়েছে এবং কোনো নির্দিষ্ট সংগঠনের দিকে ইঙ্গিত করা হয়নি।



