তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার অভিযোগ করে বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পর রূপগঞ্জ ভূমিদস্যুদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জে আসার পর থেকেই মানুষের জায়গা-জমি দখল শুরু করেন। এমনকি মসজিদ, মাদরাসা ও কবরস্থানের জমিও তিনি ছাড়েননি।’
শুক্রবার (২৪ জুলাই) নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামিয়া মনির উদ্দিন ব্যাপারী কওমি মাদরাসার জমি উদ্ধারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তৈমুর আলম খন্দকার আরও বলেন, ‘গাজী টায়ারের কারখানা করতে গিয়ে মানুষ খুনের ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ মামলা নেয়নি। যারা প্রতিবাদ করেছেন, তাদেরও হয়রানি করা হয়েছে। এই মাদরাসার জমি দখল করে সেখানে দেয়াল নির্মাণ করা হয়েছে।’
মানববন্ধনে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে জামিয়া মনির উদ্দিন ব্যাপারী কওমি মাদরাসার ১৫ শতাংশ জমি সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর অবৈধ দখলে রয়েছে। বিগত সরকারের আমলে মামলা ও হামলার ভয়ে স্থানীয়রা এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে পারেননি বলেও অভিযোগ করেন তারা।
এর আগে সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রূপগঞ্জ অংশে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা জড়ো হন।
মহসিন ভূঁইয়ার সভাপতিত্বে মানববন্ধনে নারায়ণগঞ্জ জেলা যুব জামায়াতের সাধারণ সম্পাদক আল আমিন, মো. সিরাজুল ইসলাম প্রধান, মো. ওবায়দুল হক ভূঁইয়া, আব্দুল হালিম ভূঁইয়া, মো. কামরুল ইসলাম, মো. মোখলেছুর রহমান ও হাজী মো. নুরুজ্জামান ভূঁইয়াসহ অনেকে বক্তব্য দেন।



