অক্সফাম ইন বাংলাদেশ, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন (ক্যাম্পে)-এর যৌথ উদ্যোগে “গৃহকর্মীদের অধিকার, স্বীকৃতি ও সুরক্ষা” শীর্ষক এক জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) ঢাকায় একটি হোটেলে অনুষ্ঠিত এই সভায় বক্তারা প্রায় ৪০ লাখ গৃহকর্মীর সামাজিক মর্যাদা, ন্যায়বিচার এবং নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় গৃহকর্মীদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় আইন ও নীতি সংস্কার, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং নির্যাতন ও শোষণ রোধে কার্যকর তদারকির ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব উঠে আসে।
প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম. সফিকুজ্জামান বলেন, “গৃহকর্মের শ্রম আর অবহেলিত থাকতে পারে না। এই খাতকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে, যথাযথ তদারকি ও নির্যাতন-শোষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।” তিনি আরও জানান, গৃহকর্মীদেরকে শ্রম আইন ২০০৬ এবং সামাজিক সুরক্ষা কাঠামোর আওতায় আনতে মন্ত্রণালয় বিভিন্ন অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
বক্তারা উল্লেখ করেন, দেশের গৃহকর্মীদের একটি বড় অংশ নারী ও কিশোরী হওয়ায় তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, দক্ষতা উন্নয়ন, আইনি সচেতনতা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করাও জরুরি।
এছাড়াও, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ যুগোপযোগীকরণ এবং তাদের শ্রম আইনে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার দাবি জোরালোভাবে তুলে ধরা হয়।
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, সুশীল সমাজ, ট্রেড ইউনিয়ন প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা এবং অন্যান্য স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।



