রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার রাতে গুলশানের ওই মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শনিবার মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে এবং শুক্রবার মিছিল থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত শুক্রবার দুপুরে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসিসংলগ্ন একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ করা হয়।
ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ দাবি করেছে, তাদের কাছ থেকে ককটেল উদ্ধার করা হয়েছে।



