দুই বছর পর আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী Anupam Roy। আগামী ২৬ জুন রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া একটি বিশেষ কনসার্টে পারফর্ম করবেন তিনি। তার এই আগমনের খবরে ভক্তদের মাঝে ইতোমধ্যেই ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে।
আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, কনসার্টে অনুপম রায়ের সঙ্গে পারফর্ম করবে ‘দ্য অনুপম রায় ব্যান্ড’। তবে আয়োজনের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। বৃষ্টির সম্ভাবনার বিষয়টি মাথায় রেখে ইনডোর ভেন্যুতেই অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জুনের প্রথম সপ্তাহ থেকেই কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে। খুব শিগগিরই টিকিটের মূল্য, ভেন্যু ও অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই শিল্পী দীর্ঘদিন ধরেই দুই বাংলার শ্রোতাদের কাছে সমানভাবে সমাদৃত। তার লেখা, সুর করা ও গাওয়া অসংখ্য গান এক যুগেরও বেশি সময় ধরে শ্রোতাদের আবেগ, ভালোবাসা ও স্মৃতির অংশ হয়ে আছে।
এর আগে একাধিকবার বাংলাদেশে এসে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে কনসার্ট করেছেন অনুপম রায়। প্রতিবারই তার পরিবেশনা দর্শক-শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।



