গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় ‘ম্যাট্রিক্স গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৩ অক্টোবর) বেলা ৩টার দিকে কারখানাটির আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে কারখানা কর্তৃপক্ষ বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
এর মধ্যে কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট রয়েছে। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. হিরন মিয়া বলেন, ‘আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পরে গাজীপুর, রাজেন্দ্রপুর ও কোনাবাড়ী থেকেও ইউনিট এসেছে।’
তিনি জানান, এখন পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। আগুনে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত জানা যাবে।



