বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ১১ দলের গণদাবি আদায়ের লক্ষ্যেই তারা রাজপথে নেমেছেন। গণভোটের রায় বাস্তবায়ন করা ছাড়া বর্তমান সরকারের সামনে কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাসের টাঙ্গাইল রোডে লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন মামুনুল হক।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছিল। তারেক জিয়ার সরকারকে গণভোটের রায় কার্যকর করেই ক্ষমতা ছাড়তে হবে।’
মামুনুল হক আরও বলেন, আধিপত্যবাদী শক্তিগুলো বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। ১১ দল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বাংলাদেশের মানুষ নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করবে।
তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের ‘লুকোচুরি’ আর মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। শহীদ শরীফ ওসমান হাদী, দেশপ্রেমিক ইলিয়াস আলীসহ যারা গুম, খুন ও হত্যার শিকার হয়েছেন, তাদের হত্যার বিচার বাংলার মানুষ আদায় করে ছাড়বে বলেও তিনি উল্লেখ করেন।
পথসভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, ‘আমরা সরকারের বিরুদ্ধেও না, কোনো দেশের বিরুদ্ধেও না। বাংলাদেশের জনগণের সমস্যার সমাধান চাই।’
তিনি বলেন, দেশে মানবতার শাসন ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। পাশাপাশি দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
অলি আহমেদ বলেন, বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। তিনি দাবি করেন, বিএনপির সময় বেগম খালেদা জিয়ার সরকার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমানের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। তারেক রহমানের আমলে শেখ হাসিনার সরকার গঠন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘হাসিনা সরকারকে দিয়ে বিএনপির কাজ চলবে না। আমরা বারবার সতর্ক করে যাচ্ছি, আমরা সংস্কার চাই।’



