tanaka

রিয়াদে হামলার সতর্কতা জারির পরপরই বিস্ফোরণের শব্দ

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পরপরই ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনচয়নিকার নির্মাণে তিন তারকার ‘জোছনায় ফেরা’

চয়নিকার নির্মাণে তিন তারকার ‘জোছনায় ফেরা’

নির্মাণের ২৫ বছর পূর্তি উপলক্ষে নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। তার পরিচালনায় নির্মিত নতুন নাটক ‘জোছনায় ফেরা’ প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে। আগামী ১৮ সেপ্টেম্বর রাত ১০টায় নাটকটি প্রচারে আসবে।

লেজার ভিশনের প্রযোজনায় নির্মিত নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান, দীপা খন্দকারসহ আরও অনেকে।

স্বামী-স্ত্রীর ভালোবাসা, মান-অভিমান, সন্দেহ ও আত্মদহনকে কেন্দ্র করে এগিয়েছে ‘জোছনায় ফেরা’র গল্প। নাটকের শুরুতে আয়ান ও আয়রাকে সুখী দম্পতি হিসেবেই দেখা যায়। তাদের দাম্পত্য জীবনে বড় কোনো অশান্তিও নেই। তবে মোবাইল ফোনে আসা একটি বার্তাকে কেন্দ্র করে হঠাৎ বদলে যেতে থাকে তাদের সম্পর্কের সমীকরণ।

একটি তুচ্ছ ঘটনাকে ঘিরে দুজনের মধ্যে জন্ম নেয় সন্দেহ। সময়ের সঙ্গে বাড়তে থাকে মান-অভিমান ও দূরত্ব। একপর্যায়ে সেই অস্থিরতার প্রভাব পড়ে তাদের সাজানো সংসারেও।

এরই মধ্যে বিদেশ থেকে দেশে ফেরে আয়ানের বিশ্ববিদ্যালয়জীবনের পুরোনো ভালো লাগার মানুষ অবন্তি। আয়ান-আয়রার টানাপড়েনের মধ্যে অবন্তির উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তার আগমন নতুন করে তৈরি করে সন্দেহ, দ্বন্দ্ব ও নানা প্রশ্ন।

ভালোবাসা, সম্পর্কের টানাপড়েন, সন্দেহ এবং না বলা কথার আবর্তে এগিয়ে যায় নাটকটির কাহিনি। শেষ পর্যন্ত আয়ান ও আয়রার দাম্পত্য সম্পর্ক কোন পরিণতির দিকে যায়, তা জানতে অপেক্ষা করতে হবে নাটকটি প্রচার হওয়া পর্যন্ত।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা চয়নিকা চৌধুরী দর্শকদের শেষ পর্যন্ত সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, টেলিভিশনে নাটকটি দেখতে না পারলে পরদিন লেজার ভিশনের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে। ১৯ সেপ্টেম্বর সেখানে প্রকাশিত হবে ‘জোছনায় ফেরা’।

দীর্ঘ ২৫ বছরের নির্মাণযাত্রায় নাট্যনির্মাতা হিসেবে চয়নিকা চৌধুরী নিজের একটি স্বতন্ত্র দর্শকগোষ্ঠী তৈরি করেছেন। পরিচালনার রজতজয়ন্তী উপলক্ষে নির্মিত ‘জোছনায় ফেরা’ তাই তার ক্যারিয়ারের জন্যও একটি বিশেষ আয়োজন।