১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং এর ফলাফল স্থগিত চেয়ে রিট আবেদন করা হয়েছে।
সুপ্রিম কোর্ট–এর এক আইনজীবী আবেদনকারী হিসেবে আজ মঙ্গলবার হাইকোর্ট বিভাগ–এর সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
আবেদনকারী আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ বিষয়টি প্রথম আলো–কে নিশ্চিত করে বলেন, ১২ ফেব্রুয়ারির গণভোট আয়োজনের বৈধতা প্রশ্নবিদ্ধ করে এবং ১৩ ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা-সংক্রান্ত প্রকাশিত গেজেট স্থগিত ও বাতিলের আবেদন জানিয়ে রিটটি করা হয়েছে। তিনি আরও জানান, বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে এ রিটের শুনানি হতে পারে।
১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয়। এতে ‘হ্যাঁ’ ভোট সংখ্যাগরিষ্ঠতা পায়।
নির্বাচন কমিশন–এর তথ্য অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। ফলে ‘না’-এর তুলনায় দ্বিগুণেরও বেশি ভোট পেয়েছে ‘হ্যাঁ’।



