tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদসারাদেশখুলনায় কমছে সবজির দাম, শীতের আমেজে বেড়েছে সরবরাহ

খুলনায় কমছে সবজির দাম, শীতের আমেজে বেড়েছে সরবরাহ

খুলনায় শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে নেমেছে দাম। বিভিন্ন ধরনের সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে। পাশাপাশি মুরগির দামও কেজিপ্রতি ২০ টাকা পর্যন্ত কমেছে।

রোববার (২ নভেম্বর) খুলনার নতুন বাজার, নিউ মার্কেট ও মিস্ত্রিপাড়া বাজার ঘুরে এমন তথ্য জানা গেছে।

বর্তমানে বেগুন ৬০–৭০ টাকা, করলা ৭০–৮০ টাকা, বরবটি ৬০–৭০ টাকা, পটোল ৪০–৫০ টাকা, লালশাক ও পালংশাক ২৫–৩০ টাকা, লাউ শাক ৪০–৫০ টাকা, কুমড়া ৪০ টাকা, ঢ্যাঁড়স ৪০–৫০ টাকা, লাউ প্রতি পিস ৪০–৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। টমেটো ৮০–১০০ টাকা, শিম ৭০–৮০ টাকা, ফুলকপি ১০০–১২০ টাকা, আর কাঁচামরিচ মানভেদে ১৮০–২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পেঁয়াজ ৭০–৮০ টাকা ও রসুন ৮০–১০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

মুরগির বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। ব্রয়লার মুরগি ১৬০–১৭০ টাকা, সোনালি ২৫০ টাকা ও লেয়ার ২৬০–২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১,১৫০–১,২০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

মাছের বাজারে রুই ২৫০–৩০০ টাকা, ভেটকি ৫০০–৬০০ টাকা, চিংড়ি ৬০০–১,০০০ টাকা, তেলাপিয়া ১৬০–১৮০ টাকা, পাবদা ৩০০–৩৫০ টাকা, পাঙাশ ১৭০–২০০ টাকা এবং ছোট মাছ ৩০০–৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মিস্ত্রিপাড়া বাজারের সবজি ব্যবসায়ী মাসুদ কাজি বলেন, “আগে অনেক সবজির দাম বাড়তি ছিল। এখন নতুন সবজি বাজারে আসায় বেশিরভাগ সবজির দাম কমেছে। তবে শীতকালীন সবজির দাম এখনো কিছুটা বেশি। আরও সরবরাহ বাড়লে দাম আরও কমবে।”

নতুন বাজারের মাছ ব্যবসায়ী ইমন শেখ জানান, “এ সপ্তাহে মাছের চালান বেড়েছে। ফলে বেশিরভাগ মাছের দাম ৪০–৫০ টাকা পর্যন্ত কমেছে। সামুদ্রিক মাছ বাজারে থাকলে দাম স্বাভাবিক থাকে।”

ক্রেতা খোকন ফরাজি বলেন, “কয়েক মাস ধরে সবজির দাম অনেক চড়া ছিল। এখন কিছুটা কমলেও এখনও অনেক সবজির দাম বেশি। যেমন, বেগুনের দাম কমে ৬০ টাকা হলেও আগের তুলনায় তা এখনো বেশি।”

আরেক ক্রেতা আকরাম হোসেন জানান, “মুরগির দাম কম থাকলেও মাছ ও সবজির দাম এখনো সবার নাগালের মধ্যে নয়। ১০০ টাকায় দুই পদের সবজি কিনতেও কষ্ট হচ্ছে। দাম আরও কমলে কিছুটা স্বস্তি মিলবে।”