tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিখালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন, দোয়া প্রার্থনায় বিএনপি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন, দোয়া প্রার্থনায় বিএনপি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) দেশি–বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত ৮০ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উদ্বেগে রয়েছেন বিএনপি নেতাকর্মীরা। সন্ধ্যায় তার খোঁজ নিতে হাসপাতালে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বাদ জুমা নয়াপল্টন কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল জানান, “বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাময়। বৃহস্পতিবার রাতে ডাক্তাররা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা গুরুতর। তাই সারা দেশের মসজিদে বাদ জুমায় দোয়ার কর্মসূচি পালন করা হয়েছে।” তিনি দেশবাসীর প্রতি পুনরায় তার রোগমুক্তির জন্য দোয়া করার আবেদন জানান।

বিএনপি মহাসচিব আরও বলেন, “দেশনেত্রী আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কারাভোগ করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করেছি—তিনি যেন বেগম জিয়াকে সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং আবার জনগণের মাঝে ফিরে এসে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ করে দেন।”

এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত তিনি হাসপাতালে ছিলেন এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।

এদিকে, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় গত বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে দুটি ফুলের তোড়া পাঠানো হয়। ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের একজন কর্মকর্তা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ফুলের তোড়া পৌঁছে দেন। সেগুলো গ্রহণ করেন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

উল্লেখ্য, স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৩ নভেম্বর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখ–সংক্রান্ত নানা সমস্যায় ভুগছেন। সর্বশেষ তিনি ১৫ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১৭ দিন হাসপাতালে এবং পরবর্তীতে ছেলের বাসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণের পর ৬ মে দেশে ফেরেন তিনি।