তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের অটল নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জানায়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে কফিন মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে রাখা হবে। জানাজা জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ করেছে, যাতে দেশের সর্বস্তরের মানুষ নির্বিঘ্নে শোক প্রকাশ ও জানাজায় অংশ নিতে পারেন। মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশেপাশের সড়কগুলোতেও জনসাধারণের অবস্থানের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানাজার পর বিকেল সাড়ে ৩টায় খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হবে। এতে পরিবারের সদস্য, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও বিএনপি মনোনীত রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন। দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্ধারিত ব্যক্তির বাইরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত থাকবে।
খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি সাতদিন শোক পালন করবে। এই সময় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়, নয়াপল্টনের প্রধান কার্যালয় এবং দেশের সব জেলা-উপজেলার কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে, এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।



