tanaka
প্রচ্ছদসারাদেশখালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী আবুল কাশেম মারা গেছেন

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী আবুল কাশেম মারা গেছেন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী এবং যমুনা হাই ডিলাক্স পরিবহনের চেয়ারম্যান ও শ্রমিক নেতা আবুল কাশেম মিলন (৭২) মারা গেছেন।

শুক্রবার (২২ আগস্ট) রাতে শারীরিক অসুস্থতার কারণে ফেনী হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার (২৩ আগস্ট) বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মরহুমের জামাতা জসিম উদ্দিন জানান, শুক্রবার রাতে অসুস্থ বোধ করলে আবুল কাশেম মিলনকে দ্রুত ফেনী হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আবুল কাশেম মিলনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফেনী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান। তিনি বলেন, আবুল কাশেম মিলন দলের জন্য একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তার দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন। বাদী মারা গেলেও মামলা পরিচালনা বা আইনি প্রক্রিয়ায় কোনো সমস্যা হবে না। তবে দুঃখজনক বিষয় হলো, তিনি নিজের দায়ের করা মামলার বিচার ও রায় দেখে যেতে পারলেন না।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩১ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে যমুনা পরিবহনের একটি বাসসহ বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার প্রায় সাত বছর পর যমুনা হাই ডিলাক্স পরিবহনের চেয়ারম্যান আবুল কাশেম মিলন বাদী হয়ে মামলাটি করেন। এতে ফেনীর তৎকালীন পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর সরকার, আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাসহ ২৮ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

পরে আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।