প্রবল বর্ষণে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য টানা তিন মাস সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই জরুরি ও মানবিক পদক্ষেপের কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, তিন দিন আগে আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় প্রশাসনকে আগাম সতর্কতা ও প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়। বৃষ্টিতে যেসব কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সঠিকভাবে শনাক্ত করে আগামী তিন মাস প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় করণীয় নিয়ে আলোচনা করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, কোনো ক্ষতিগ্রস্ত কৃষক যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার কঠোরভাবে নজরদারি করছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হবে। মাঠপর্যায়ের প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে আগামী তিন মাস নিয়মিতভাবে সহায়তা পৌঁছে দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।



