জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও থানায় নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার পর চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১৩ জুন) রাত ১২টার দিকে সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, শুক্রবার রাতে ঢাকা থেকে চট্টগ্রামে ফিরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। পথে নগরীর লালখান বাজার এলাকায় পুলিশ তার অটোরিকশা থামায়।
নাঈমের অভিযোগ, পুলিশ সদস্যরা তাকে মারধর করেন এবং জোরপূর্বক থানায় নেওয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজন উপস্থিত হয়ে পুলিশকে জানান যে তিনি জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। তবে এরপরও তাকে খুলশী থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনার খবর পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল ও পরিচালক ইসরাফিল খসরুর হস্তক্ষেপে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় যান। পরে নাঈমকে সেখান থেকে মুক্ত করা হয়।
ঘটনার তদন্তে ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সিএমপি। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে থানায় নিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



