জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক লানা নুসাইবেহর প্রার্থিতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্সের বিরোধিতা। সুদানের সংঘাতে নৃশংসতার সঙ্গে আমিরাতের সংশ্লিষ্টতার অভিযোগের জেরেই দেশ দুটি তার প্রার্থিতার বিরোধিতা করছে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নবম দফার অনানুষ্ঠানিক ভোটেও কোনো প্রার্থী চূড়ান্ত সমর্থন আদায় করতে পারেননি। ফলে বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি নির্বাচন নিয়ে অচলাবস্থা কাটেনি। আগামী ৩১ ডিসেম্বর গুতেরেসের দ্বিতীয় মেয়াদের অবসান হবে। এ পরিস্থিতিতে আগামী সপ্তাহে আবারও ভোট গ্রহণের কথা রয়েছে।
সর্বশেষ ভোটে কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান ১০টি সমর্থনসূচক ভোট পেয়েছেন। তবে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে দুটি দেশ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে জানা গেছে। মহাসচিব নির্বাচিত হতে অন্তত ৯টি সমর্থনসূচক ভোটের পাশাপাশি পাঁচ স্থায়ী সদস্যের কারও বিরোধিতা না থাকার শর্ত রয়েছে। গ্রিনস্প্যানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও রাশিয়া নেতিবাচক ভোট দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই বাধা কাটিয়ে উঠতে পারলে তিনিই হবেন জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী মহাসচিব।
ভোটে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি। তিনি আটটি সমর্থনসূচক ভোট পেলেও পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে তিনটি দেশের বিরোধিতার মুখে পড়েছেন।
অন্যদিকে, শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত হওয়া আমিরাতের কূটনীতিক লানা নুসাইবেহ পেয়েছেন সাতটি সমর্থনসূচক ভোট। তবে স্থায়ী সদস্যদের মধ্যে তিনটি দেশ তার প্রার্থিতার বিরোধিতা করেছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রকাশ্য সমর্থনের বিপরীতে যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে। এতে মহাসচিব হওয়ার দৌড়ে নুসাইবেহর সম্ভাবনা অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে।
নুসাইবেহর প্রার্থিতা নিয়ে আপত্তির অন্যতম কারণ সুদানের চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা। এ বিষয়ে যুক্তরাজ্যের প্রায় ৭০ জন সংসদ সদস্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে চিঠি দিয়েছেন। চিঠিতে নুসাইবেহকে মহাসচিব পদের জন্য বিশ্বাসযোগ্য প্রার্থী নন বলে উল্লেখ করা হয়েছে। সংসদ সদস্যদের অভিযোগ, সুদানে সংঘটিত নৃশংসতার সঙ্গে আমিরাতের সংশ্লিষ্টতা নিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের প্রতিবেদনগুলো তিনি বারবার অস্বীকার করেছেন এবং সেগুলোর গুরুত্ব খাটো করে দেখিয়েছেন।
জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার একাধিক প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) জন্য ভাড়াটে যোদ্ধা নিয়োগ এবং অস্ত্র সরবরাহ করেছে সংযুক্ত আরব আমিরাত। দারফুরে গণহত্যা সংঘটনের জন্য জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র আরএসএফকে দায়ী করেছে। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে আমিরাত।
মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখার বাধ্যবাধকতার কথা বিবেচনায় নিয়ে আমিরাত সরকারের মন্ত্রীর পদ থেকে সাময়িক ছুটি নিয়েছেন নুসাইবেহ। নিজের প্রার্থিতার পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেছেন, ‘সুদানের ভয়াবহ সংঘাতই হবে নতুন মহাসচিবের সাফল্যের মাপকাঠি।’
এদিকে নুসাইবেহর বিরোধিতায় চীনের অবস্থানের পেছনে রয়েছে জাতিসংঘের মহাসচিব পদে ভৌগোলিক প্রতিনিধিত্বের একটি অলিখিত রীতি। এ রীতি অনুযায়ী, বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে পর্যায়ক্রমে মহাসচিব নির্বাচনের সুযোগ দেওয়ার কথা বিবেচনা করা হয়। অতীতে এ রীতি উপেক্ষিত হলেও এবার লাতিন আমেরিকা বা ক্যারিবীয় অঞ্চলের প্রার্থীর পালা বলে মনে করছে বেইজিং।
জাতিসংঘের মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া পরিচালনা করে নিরাপত্তা পরিষদ। এ ক্ষেত্রে পরিষদের পাঁচ স্থায়ী সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে কোনো প্রার্থীকে অন্তত ৯টি সমর্থনসূচক ভোট পেতে হয়। তবে পাঁচ স্থায়ী সদস্যের যেকোনো একটি দেশ বিরোধিতা করলে তার নির্বাচিত হওয়ার পথ কার্যত বন্ধ হয়ে যায়।
অনানুষ্ঠানিক ভোটে অস্থায়ী সদস্যরা সাদা এবং স্থায়ী সদস্যরা লাল ব্যালট ব্যবহার করেন। ভোটের বিস্তারিত ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না। তবে বিভিন্ন কূটনৈতিক সূত্র ও অনানুষ্ঠানিক মাধ্যমে ভোটের হিসাব সামনে আসে।
সূত্র: দ্য গার্ডিয়ান



