tanaka
প্রচ্ছদসারাদেশকুতুবদিয়ার কাছে দুই পণ্যবাহী জাহাজের সংঘর্ষ, ক্ষতিগ্রস্ত একটির কাঠামো

কুতুবদিয়ার কাছে দুই পণ্যবাহী জাহাজের সংঘর্ষ, ক্ষতিগ্রস্ত একটির কাঠামো

বঙ্গোপসাগরে কুতুবদিয়ার কাছাকাছি আলফা অ্যাঙ্করেজ এলাকায় দুটি পণ্যবাহী জাহাজের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে একটি জাহাজের কাঠামোর অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনায় জড়ানো জাহাজ দুটি হলো এমভি এপিজে শিরিন ও এমভি এইচজি সিডনি। এর মধ্যে এমভি এপিজে শিরিনে কয়লা বহন করা হচ্ছিল। সংঘর্ষের ফলে এমভি এইচজি সিডনির বাম পাশের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পরপরই দুই জাহাজের পক্ষ থেকে জাহাজ চলাচল ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রকে (ভিটিএমআইএস) বিষয়টি জানানো হয়। পরে নিরাপত্তার স্বার্থে উভয় জাহাজকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের কারণে জাহাজে থাকা কয়লার কোনো ক্ষতি হয়নি। একই সঙ্গে সাগরে তেল বা অন্য কোনো ধরনের দূষণ ছড়িয়ে পড়ার খবরও পাওয়া যায়নি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, কুতুবদিয়া আলফা অ্যাঙ্করেজের দিকে যাওয়ার পথে এমভি এইচজি সিডনি ও এমভি এপিজে শিরিন নামে দুটি বাল্ক ক্যারিয়ারের মধ্যে সংঘর্ষ হয়। এতে এমভি এইচজি সিডনির বাম পাশের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট জাহাজগুলোর স্থানীয় প্রতিনিধিদেরও বিষয়টি জানানো হয়েছে।