প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এমপি তার নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটোয়ারী ও অন্যান্য এনসিপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, “মুরব্বিরা শিক্ষা দেন, মিথ্যা বলা মহাপাপ। তাই মিথ্যা বলবেন না। কারও নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদনামী করা আরও বড় পাপ। এই পাপ থেকে নিজেকে দূরে রাখুন এবং আমাদেরও দূরে রাখুন।”
শুক্রবার বিকেলে রমনা থানা বিএনপির উদ্যোগে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি থানা বিএনপির আহবায়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ শামীম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। মহানগর ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মির্জা আব্বাস আরও বলেন, “আমার এলাকায় যদি ভোট কারচুপি না হতো, তারা এত ভোট পেত না। ঢাকা-৮ আসনের একটি ওয়ার্ডে কেউ বলতে পারবে না কার ভোট কারা দিয়েছে, কিন্তু আমি নাম ধরে বলতে পারি। তারা কসম খেয়ে বলেন ভোট সিল মেরে এসেছে, নাকি আকাশ থেকে!”
তিনি অভিযোগ করেন, “রাতের বেলায় কয়েকটি স্কুলে ভোট কেন্দ্র পাহারা দিয়ে ভোট রক্ষা করেছি। অন্যথায় সব কেন্দ্র সিল মেরে নিয়ে যেত। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে চাপ তৈরি করেছেন।”
আব্বাস বলেন, “আমার এলাকায় হারার ইতিহাস নেই। এখানে ভোটের অভাব নেই। তবে প্রশ্ন হলো, ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করে এত ভোট তারা কিভাবে পেয়েছে? আমি প্রমাণ করতে পারবো, তারা কারচুপি করেছে।”



