tanaka
প্রচ্ছদআন্তর্জাতিককাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান

কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান

কাতারের মধ্যস্থতায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। রবিবার (১৯ অক্টোবর) ভোরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে শনিবার দোহায় বৈঠকে বসে দুই দেশের প্রতিনিধি দল। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত ওই বৈঠকে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মতি জানায় উভয় পক্ষ। যুদ্ধবিরতি কার্যকর রাখতে শিগগিরই ফলোআপ বৈঠক হবে বলেও জানিয়েছে কাতার।

তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ হয়। এতে শতাধিক মানুষ নিহত ও হাজারের বেশি আহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

দোহা বৈঠকে আফগান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব, আর পাকিস্তানের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগান সীমান্তে সশস্ত্র গোষ্ঠীগুলোকে মদদ দিচ্ছে কাবুল। দুই সপ্তাহ আগে পাকিস্তানের বিমান হামলার জবাবে আফগান সেনারাও সীমান্তে পাল্টা হামলা চালায়। ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো সীমান্ত জুড়ে।

এর মধ্যেই গত সপ্তাহে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হলেও তার মেয়াদ শেষ হওয়ার পরই পাকিস্তান ফের বিমান হামলা চালায়। তালেবান সরকার দাবি করে, তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা দেয় না।

সম্প্রতি আফগান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় টিটিপির আত্মঘাতী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সূত্র: রয়টার্স