রাজধানী ঢাকায় কয়েকদিন ধরেই বৃষ্টি নেই। আকাশে রোদ আর গরমে নাজেহাল শহরবাসী। আজও সেই অবস্থা থেকে কোনো স্বস্তি মিলছে না বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আকাশে হালকা মেঘ থাকলেও গরমের তীব্রতা কমার সম্ভাবনা নেই।
রবিবার (১৯ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বাতাস বইবে উত্তর বা উত্তর–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, ফলে গরমের অস্বস্তি আরও বাড়তে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৯১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ২৫ দশমিক ৬ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি, ফলে বাতাসে আর্দ্রতা থাকা সত্ত্বেও গরমের অস্বস্তি বেড়েছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থেকে শুষ্ক থাকতে পারে। সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।



