সংগীতশিল্পী কণার নতুন গান ‘মেহেন্দি’ সম্প্রতি প্রকাশিত হয়েছে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সানজয়। কণার সঙ্গে গানটি গেয়েছেন নিশ।
এই গানের তালে এবার নাচতে দেখা গেল বলিউড তারকা নোরা ফাতেহিকে। হালকা ও প্রাণবন্ত মেজাজে নাচে মাতেন নোরা, যেখানে তাকে সঙ্গ দিতে দেখা যায় সানজয়কেও।
নোরার নাচের ভিডিওটি সানজয় তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘ওর হাতে মেহেন্দি।’ ভিডিওটি পোস্ট হওয়ার ২০ ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে ১০ হাজারের বেশি রিঅ্যাক্ট পেয়েছে। নোরা ফাতেহি নিজেও মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান।
ভিডিওটি দেখে দর্শকেরা ব্যাপক মুগ্ধতা প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, ‘নোরাকে বাংলা গানে নাচতে দেখাটা সত্যিই দারুণ।’
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর প্রকাশিত ‘মেহেন্দি’ গানটির ভিডিও ইতোমধ্যে ৪২ লাখের বেশি ভিউ অর্জন করেছে এবং এখনও দর্শক-শ্রোতার মন জয় করে চলেছে।



