tanaka
প্রচ্ছদজাতীয়‘কত টাকা লাগবে জানতে চেয়েছিলাম, বললো ফ্রি’, অবাক রাইফা

‘কত টাকা লাগবে জানতে চেয়েছিলাম, বললো ফ্রি’, অবাক রাইফা

পরিবার নিয়ে বাড়ি ফিরছিলেন রাইফা ইসলাম। তাদের গন্তব্য বরিশাল। তার সঙ্গে আছেন বৃদ্ধ বাবা-মা ও ছোট সন্তান। স্বামী কয়েকদিন পরে বাড়ি ফিরবেন। হাতে ব্যাগ, ট্রলি ও নানা মালামাল সব মিলিয়ে লঞ্চে ওঠা বেশ কষ্টকর হয়ে পড়ে তার জন্য।

বাড়ি যাওয়ার সময় মঙ্গলবার (১৭ মার্চ) রাইফা ইসলাম জাগো নিউজকে বলেন, প্রতিবছরই সদরঘাটে এসে কুলিদের সঙ্গে ভাড়া নিয়ে ঝামেলা হয়। কে কত টাকা নেবে তা নিয়ে প্রায়ই বাকবিতণ্ডা বাঁধে।তিনি বলেন, এবার নীল পোশাক পরা একজন এসে মালামাল ট্রলিতে তুলে দেওয়ার কথা বললেন। আমি আগে জিজ্ঞেস করলাম কত টাকা লাগবে। পরে তারা জানালেন ঈদ উপলক্ষে এই সেবা সম্পূর্ণ ফ্রি। শুনে সত্যিই অবাক হয়েছি। এতে আমাদের মতো যাত্রীদের অনেক সুবিধা হচ্ছে। বরিশালগামী আরেক যাত্রী আব্দুল কাদের জাগো নিউজকে বলেন, আগে ঘাটে নামলেই কুলিদের নিয়ে ঝামেলা হতো। মাল তুলতে গেলেই অনেক বেশি টাকা চাইতো। এবার দেখছি নির্দিষ্ট পোশাকের কুলি আছে, ট্রলিও আছে। এতে যাত্রীদের ভোগান্তি অনেক কমবে।

এ সময় কথা হয় পটুয়াখালীগামী বয়স্ক যাত্রী শাহানারা বেগমের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, আমি বয়স্ক মানুষ। আগে মালামাল নিয়ে লঞ্চে ওঠা খুব কষ্ট হতো। এবার হুইলচেয়ার আর ট্রলির ব্যবস্থা থাকায় অনেক স্বস্তি লাগছে।

ভোলাগামী যাত্রী সাইফুল ইসলাম বলেন, সদরঘাটে এবার অনেক পরিবর্তন চোখে পড়ছে। আগের চেয়ে পরিবেশও পরিষ্কার। ফ্রি কুলি সেবা থাকা যাত্রীদের জন্য ভালো উদ্যোগ। ঝালকাঠিগামী কলেজছাত্রী মেহজাবিন আক্তার বলেন, ঈদের সময় যাত্রী বেশি থাকে, তখন ঘাটে বিশৃঙ্খলা তৈরি হয়। এবার ট্রলি আর নির্দিষ্ট কুলি থাকায় বিষয়টা অনেক সুশৃঙ্খল মনে হচ্ছে।

সকাল থেকেই ঘাটে বাড়ছে যাত্রীর উপস্থিতি

সকাল থেকে সরেজমিনে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় দেখা যায়, রাজধানীর তীব্র যানজট এড়াতে দূরপাল্লার অনেক যাত্রী আগেভাগেই ঘাটে চলে এসেছেন। কেউ পরিবারের সদস্যদের নিয়ে অপেক্ষা করছেন, আবার কেউ লঞ্চের নির্ধারিত সময়ের আগেই এসে টিকিট সংগ্রহ ও মালামাল গুছিয়ে রাখছেন। ঈদকে সামনে রেখে ঘাট এলাকায় স্বাভাবিক সময়ের তুলনায় যাত্রী উপস্থিতি কিছুটা বেশি দেখা গেছে।

অনেক যাত্রীকে লঞ্চের কাউন্টারগুলোতে আসন টিকিট সংগ্রহ করতে দেখা যায়। বিশেষ করে বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীরা আগেভাগেই এসে টিকিট নিশ্চিত করছেন। এছাড়া মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুরসহ স্বল্প দূরত্বের যাত্রীরা নির্দিষ্ট লঞ্চ ধরে নিজ নিজ গন্তব্যে রওয়ানা হচ্ছেন।