চার দফা দাবিতে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়ার কারণে দেশের বিভিন্ন জেলার পাঁচজন পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সাময়িক বরখাস্ত হয়েছেন। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন (বাপবিএ) এবং সতর্ক করে দিয়েছে কঠোর কর্মসূচির।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাপবিএ’র দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে আন্দোলন চললেও, সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত ও সংযুক্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন:
- ফরিদ উদ্দিন — এজিএম (সদস্য সেবা), ঢাকা পবিস-১
- মো. ইয়াসিন মাহমুদ — এজিএম (ওএন্ডএম), সুনামগঞ্জ পবিস
- মো. সাইফুল ইসলাম — এজিএম (সদস্য সেবা), ঠাকুরগাঁও পবিস
- মো. মামুন তালুকদার — এজিএম (সদস্য সেবা), লক্ষ্মীপুর পবিস
- মোস্তফা আমিনুর রাশেদ — ডিজিএম, শেরপুর পবিস
বাপবিএ এই বরখাস্তকে “সম্পূর্ণ হয়রানিমূলক” বলে অভিহিত করেছে এবং অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে।
সংগঠনটি দুই দফা কর্মসূচি ঘোষণা করেছে:
১. সব অফিসের মোটরসাইকেল, মোবাইল ও রিডিং বাইন্ডার জেনারেল ম্যানেজারের কাছে হস্তান্তর।
২. শুধুমাত্র বিদ্যুৎ লাইন সচল রাখা ছাড়া অন্যান্য সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা।
বিবৃতিতে আরও বলা হয়, আজকের (২ সেপ্টেম্বর) মধ্যে সমস্যার সমাধান না হলে সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।



