প্রধানমন্ত্রী তারেক রহমান সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন।
শনিবার (১৩ জুন) দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি সাফারি পার্কে যান। সেখানে পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পার্কের প্রধান ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন। একই সঙ্গে স্মারক বইয়ে স্বাক্ষর করেন ডা. জুবাইদা রহমান।
এর আগে ডুলাহাজারা সাফারি পার্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর বৈরী আবহাওয়ার মধ্যেও প্রধানমন্ত্রী পাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। পরে সেখান থেকে ডুলাহাজারা সাফারি পার্কে যান।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সড়কের দুই পাশে বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। তারা ফুল ছিটিয়ে ও হাত নেড়ে তাকে স্বাগত জানান।
দীর্ঘ সমুদ্রসৈকতের জন্য পরিচিত কক্সবাজার জেলার অন্যতম দর্শনীয় স্থান ডুলাহাজারা সাফারি পার্ক। পাহাড়, বনাঞ্চল, জলাধার ও উন্মুক্ত পরিবেশে বিচরণকারী নানা প্রজাতির বন্যপ্রাণী নিয়ে গড়ে উঠেছে পার্কটি।
চকরিয়া উপজেলার ডুলাহাজারায় অবস্থিত এ সাফারি পার্কটি কক্সবাজার শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার এবং চট্টগ্রাম শহর থেকে প্রায় ১০৭ কিলোমিটার দূরে। ১৯৮০-৮১ অর্থবছরে ৪২ দশমিক ৫ হেক্টর বনভূমিতে একটি হরিণ প্রজননকেন্দ্র হিসেবে এর যাত্রা শুরু হয়। পরবর্তীতে এটিকে দেশের প্রথম সাফারি পার্ক হিসেবে উন্নয়ন করা হয়।



