tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকওমানের উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত

ওমানের উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত

ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালীতে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তেলবাহী একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

ইউকেএমটিও জানায়, ট্যাংকারটির মাস্টারের দেওয়া তথ্য অনুযায়ী, অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এতে জাহাজটি অচল হয়ে পড়ে। তবে জাহাজে থাকা সব ক্রু নিরাপদে আছেন।

সংস্থাটি আরও জানায়, ওমানের আশ শিশাহ এলাকার প্রায় ৯ নটিক্যাল মাইল বা ১৬ দশমিক ৭ কিলোমিটার উত্তর-পূর্বে এ ঘটনা ঘটে।

ইউকেএমটিওর অনলাইনে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ট্যাংকারটি কোন দেশের এবং সেটি কোন গন্তব্যের দিকে যাচ্ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।