tanaka

জাতীয় কাজুবাদাম দিবস আজ: নিয়মিত কাজুবাদাম খাওয়ার ৭ উপকারিতা

প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ম্যাগনেশিয়াম, তামা ও জিঙ্কে সমৃদ্ধ কাজুবাদাম। নিয়মিত ও পরিমিত পরিমাণে এই বাদাম খেলে হৃদ্‌স্বাস্থ্য, পেশি, হাড় ও রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে উপকার পাওয়া যেতে পারে।
প্রচ্ছদরাজনীতিঐকমত্য কমিশনের সদস্যদের নিজ কাজে ফিরে যাওয়ার আহ্বান আমীর খসরুর

ঐকমত্য কমিশনের সদস্যদের নিজ কাজে ফিরে যাওয়ার আহ্বান আমীর খসরুর

ঐকমত্য কমিশনের সদস্যদের নিজ নিজ পেশায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যারা ঐকমত্য কমিশনে আছেন, তারা আগে যে পেশায় ছিলেন, সেখানেই ফিরে যান। বাংলাদেশের মানুষকে তাদের নিজস্ব সিদ্ধান্ত নিতে দিন। জনগণের ওপর কোনো মতামত বা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক নয়।”

তিনি অভিযোগ করেন, বর্তমানে একটি বা দুটি দল তাদের মতামত অন্যদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। অথচ ঐকমত্য কমিশন গঠনের উদ্দেশ্য ছিল পারস্পরিক সমঝোতার ভিত্তিতে জনগণের কাছে যাওয়া। কিন্তু এখন নতুন নতুন দাবি তুলে তা মানার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে।

আমীর খসরু আরও বলেন, “ঐকমত্য হয়েছে, সইও হয়েছে। তার বাইরে গিয়ে আবার নতুন দাবি তোলা হচ্ছে। কিছু কমিশন সদস্য নিজেদের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যা কমিশনের মূল উদ্দেশ্যের পরিপন্থী। কমিশনের কাজ ছিল রাজনৈতিক ঐকমত্য বাস্তবায়নে সহায়তা করা, মত চাপিয়ে দেওয়া নয়।”

তিনি বলেন, “দেশের চূড়ান্ত সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে। বাংলাদেশের মানুষই আগামী নির্বাচনে তাদের মত দেবে। যেসব দল দাবি তুলছে, তাদের জনগণের কাছেই যেতে হবে, তাদের মতামত নিতে হবে। জনগণের ওপর জোর করে কোনো মত চাপিয়ে দেওয়া চলবে না।”

নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, “এটি দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। ব্যবসায়ীরা আমাকে প্রতিনিয়ত বলছেন— ‘ফেব্রুয়ারি নয়, এখনই নির্বাচন করুন। ব্যবসা স্থবির হয়ে পড়েছে, নতুন বিনিয়োগ আসছে না।’ যারা নির্বাচনের বিলম্ব চায়, তাদের স্বার্থেই এটি হচ্ছে।”

তিনি ব্যবসায়ীদের আহ্বান জানান, দ্রুত নির্বাচনের আয়োজনের দাবিতে সোচ্চার হতে।

রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনের আয়োজন করে রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী ফোরাম। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মিজানুর রহমান মিনুসহ রাজশাহী বিভাগের আট জেলার ব্যবসায়ীরা অংশ নেন। সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি লুৎফর রহমান।