মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের কর্মকর্তা এবং চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। এর আগেও গত ৮ জুন এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে ২০ জুলাইয়ের কথা জানিয়েছিলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, “সব শিক্ষা বোর্ডের খাতা র্যান্ডমভাবে পুনঃপরীক্ষা করে দেখা হবে। কোথাও পরীক্ষক নম্বর প্রদানে কোনো ধরনের অসঙ্গতি করেছেন কি না, সেটিও যাচাই করা হবে।”
তিনি আরও বলেন, ফল প্রকাশের আগে মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ২১ এপ্রিল সারা দেশে একযোগে শুরু হয়ে ২০ মে শেষ হয়। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর মাদ্রাসা ও কারিগরিসহ দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।



