২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় সার্বিক পাশের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এ বছর মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনের এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
এ ছাড়া অভিন্ন দুটি ওয়েবসাইট—eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd—থেকেও ফলাফল দেখা যাবে।
এসএমএসে ফল জানার নিয়ম
মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও সহজেই ফলাফল জানার সুযোগ রয়েছে। এজন্য মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং সবশেষে স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য এসএমএসের ফরম্যাট হবে: SSC DHA ROLL YEAR।
মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের লিখতে হবে: SSC MAD ROLL YEAR। আর কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য ফরম্যাট হবে: SSC TEC ROLL YEAR। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে। এ চার্জের মধ্যে সব ধরনের কর অন্তর্ভুক্ত রয়েছে।
প্রায় সাড়ে ১৮ লাখ পরীক্ষার্থী
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
পুনর্নিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে
ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী তার প্রাপ্ত ফল নিয়ে অসন্তুষ্ট হলে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির শনিবারের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হবে।
প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহের সুযোগ
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট থেকে শিক্ষার্থীদের ফল সংগ্রহ করতে পারবে। এজন্য ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে ফলাফল ডাউনলোড করা যাবে।
অন্যদিকে, পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন। এসএমএসের মাধ্যমেও ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে ফলাফল জানা যাবে।
এদিন দেশের ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।



