অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়নকে গুরুত্ব দিয়ে বাজেটের সব বিষয় নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটের প্রেক্ষাপটও কিছুটা ভিন্ন।দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে। ফলে জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষাও অনেক বেশি। সেই প্রত্যাশা, চিন্তা-ভাবনা ও ভবিষ্যৎ লক্ষ্যকে সামনে রেখেই বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) এসব কথা বলেন তিনি। এদিন জাতীয় বাজেট পেশ করতে এবং ২০২৬-২৭ অর্থবছরের রূপরেখা তুলে ধরতে সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে পৌঁছান তিনি। বাজেট উপলক্ষে এদিন বিশেষ মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সীমিত সম্পদের মধ্যেও দেশের সব মানুষের জন্য স্বস্তি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এবারের বাজেট প্রণয়ন করেছে সরকার। যতটুকু সামর্থ্য রয়েছে, তার মধ্যেই বাজেট করতে হয়েছে।



